ইআইআইএন: 113257 প্রতিষ্ঠাকাল: 1996

প্রতিষ্ঠান সম্পর্কে

হোম প্রতিষ্ঠান সম্পর্কে

প্রতিষ্ঠান সম্পর্কে

বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়

ডাক: বহরপুর
উপজেলা: বালিয়াকান্দি
জেলা: রাজবাড়ী

প্রতিষ্ঠানের পরিচিতি

বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার একটি সুপ্রতিষ্ঠিত ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এলাকার নারী শিক্ষার প্রসার, শিক্ষার মানোন্নয়ন এবং একটি শিক্ষিত সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বহরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মোঃ খলিলুর রহমান-এর উদ্যোগে ২৪ জুলাই ১৯৯৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠালগ্নে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মোঃ অহিদুল হক-এর দূরদর্শী নেতৃত্ব, নিরলস পরিশ্রম এবং দক্ষ ম্যানেজিং কমিটি ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই বিদ্যালয়টি এ অঞ্চলে নারী শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে সুনাম অর্জন করে।

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা সবুজ-শ্যামল, ছায়া সুনিবিড় ও মনোরম পরিবেশে অবস্থিত বিদ্যালয়টি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, আনন্দময় ও আদর্শ শিক্ষার পরিবেশ নিশ্চিত করে। এর সুশৃঙ্খল পরিবেশ, উন্নত পাঠদান ব্যবস্থা এবং শিক্ষাবান্ধব আবহের কারণে বিদ্যালয়টি অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে একটি বিশ্বস্ত ও জনপ্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।

প্রতিষ্ঠানটি মে ২০০২ সালে নিম্ন মাধ্যমিক স্তরে এবং জুলাই ২০১৯ সালে মাধ্যমিক স্তরে এমপিওভুক্ত হয়। বর্তমানে বিদ্যালয়ে ৭৪৪ জন ছাত্রী অধ্যয়নরত রয়েছে এবং ১৫ জন নিয়মিত শিক্ষক অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পাঠদান করে চলেছেন।

প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক পরবর্তীতে বহরপুর কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করলে তিনি বর্তমানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর দিকনির্দেশনা এবং বর্তমান প্রধান শিক্ষক বাবু মৃণাল কান্তি সিকদার-এর দক্ষ নেতৃত্বে বিদ্যালয়টি সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলেছে।

বিদ্যালয়ের অবকাঠামোর মধ্যে রয়েছে একটি আধুনিক ত্রিতল একাডেমিক ভবন এবং একটি সেমি-পাকা টিনশেড ভবন। এছাড়াও শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা এবং নিরাপদ ও পরিচ্ছন্ন শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

বিদ্যালয়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদানের সুযোগ রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বিকাশে সমৃদ্ধ পাঠাগার, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি, সহশিক্ষা কার্যক্রম, স্কাউট দল, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, শিক্ষাসফর, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ড নিয়মিত পরিচালিত হয়। তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষার অংশ হিসেবে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুমে নিয়মিত পাঠদান করা হয়, যা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২০০৫ সাল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে ধারাবাহিকভাবে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে। শিক্ষার গুণগত মান, শৃঙ্খলা ও সার্বিক সাফল্যের জন্য বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে রাজবাড়ী জেলার অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ধরে রেখেছে। এরই স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয় রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা অর্জন করে।

বর্তমানে বিদ্যালয়টি JSC (পূর্ববর্তী)SSC পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন। এছাড়া অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সফলতার সঙ্গে অধ্যয়ন করছে।

বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ভবিষ্যতেও মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ, আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদান এবং মানবিক গুণাবলির সমন্বয়ে দক্ষ, আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে বদ্ধপরিকর।

হোমে ফিরুন